Showing posts with label মাইক্রোসফট. Show all posts
Showing posts with label মাইক্রোসফট. Show all posts

February 4, 2010

মাইক্রোসফট ও এইচপি বাজারে ছেড়েছে স্লেট কম্পিউটার

মাইক্রোসফট ও হিউলেট-প্যাকার্ড (এইচপি) সম্প্রতি বিশেষ সুবিধাসহ স্লেট কম্পিউটার বাজারে ছেড়েছে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ সমর্থিত স্পর্শকাতর ও বড় পর্দার এই বিশেষ কম্পিউটারে ল্যাপটপ ও স্মার্টফোনের সব ধরনের কাজ করা যাবে। প্রযুক্তির বাজারে নতুন ধরনের এই কম্পিউটার নানা ধরনের সুবিধা নিয়ে আসছে। চএর মাধ্যমে সফটওয়্যার থেকে শুরু করে নিয়মিত ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের সব সুবিধা পাওয়া যাবে।


নতুনভাবে এর যাত্রা শুরু হলেও এর আগে ২০০২ সালে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি দিয়ে ট্যাবলেট পিসি বাজারে ছাড়ে। তবে তা বেশি জনপ্রিয়তা পায়নি। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ ব্যবহারের মাধ্যমে স্লেট পিসি বাজারে ছাড়া হয়েছে। এর আগে অ্যাপল আইস্লেট নামে এ ধরনের কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট ওয়ার্ড বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল

যুক্তরাষ্ট্রের কিছু কিছু অঞ্চলে মাইক্রোসফটের লেখালেখির জনপ্রিয় সফটওয়্যার এমএস ওয়ার্ড বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এমএস ওয়ার্ডে বিদ্যমান এক্সএমএল (এক্সটেন্সিবল মার্ক-আপ ল্যাঙ্গুয়েজ) প্রযুক্তির স্বত্ব দাবি করে কানাডার টরন্টোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইফোরআই-এর দায়ের করা মামলায় ওয়ার্ড বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত।

গত বছরের ১২ আগস্ট টেক্সাসের একটি আদালত স্বত্ব ভঙ্গের অভিযোগে মাইক্রোসফটকে গত ১০ অক্টোবর থেকে মাইক্রোসফট ওয়ার্ড বিক্রি বন্ধ এবং ক্ষতিপূরণ হিসেবে আইফোরআইকে ২৯ কোটি ডলার দেওয়ার নির্দেশ দেন। উচ্চ আদালতে মাইক্রোসফটের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় সাময়িকভাবে স্থগিতও করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি মাইক্রোসফটের। দিন কয়েক আগে দেওয়া এক সিদ্ধান্তে উচ্চ আদালত আগের রায়ই বহাল রাখেন।
এই রায়ের আলোকে এক্সএমএল প্রযুক্তি বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে গত সোমবার থেকে মাইক্রোসফট অফিসের বিশেষ সংস্করণ ছাড়া হয়েছে। এক্সএমএল প্রযুক্তি নিয়ে আইফোরআইর সঙ্গে এই মামলায় মাইক্রোসফটের ব্যবসায়িক ও প্রযুক্তিগত সুনাম অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাইক্রোসফট উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধেও আপিল করার প্রস্তুতি নিচ্ছে।

ইন্টারনেট এক্সপ্লোরারের ত্রুটির সুযোগে চীনে গুগলের উপর সাইবার হামলা,কার্যক্রম বন্ধের হুমকি দিল গুগল

মাইক্রোসফট করপোরেশনের ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চীনে গুগলের ওপর সাইবার হামলা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই চীনে পরিচালিত নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) গুগল।

সম্প্রতি জানানো হয়, চীনের মানবাধিকার কার্যক্রমের ই-মেইল ঠিকানা ব্যবহার করে সাইবার আক্রমণ চালানো হতে পারে। ২০০৬ সালে চীনের জন্য গুগল চালু করে গুগল ডট সিএন ঠিকানার ওয়েবসাইট। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, সার্চ ইঞ্জিন গুগল ডট সিএন বন্ধের পাশাপাশি চীনে গুগলের সব ধরনের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে। শুরু থেকেই চীন সরকার সার্চ ইঞ্জিনে বিভিন্ন বিষয়ে তথ্য খোঁজার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে।
এদিকে আইই-এর ত্রুটির কথা মাইক্রোসফটের পক্ষ থেকে এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে। মাইক্রোসফটের নিরাপত্তাবিষয়ক পরিচালক মাইক রিভে বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখেছি যে সামপ্রতিক সময়ে গুগল ও অন্যান্য করপোরেট নেটওয়ার্কের ওপর সাইবার আক্রমণের অন্যতম কারণ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটি।’ এই প্রেক্ষাপটে জার্মান সরকার সেদেশের নাগরিকদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়েছে। তবে মাইক্রোসফট করপোরেশনের পক্ষ থেকে জার্মান সরকারের এ ধরনের সতর্কতার সমালোচনা করা হয়েছে। ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটিগুলো সারিয়ে তোলার চেষ্টা চলছে বলেও মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়।